প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে উচ্ছ্বসিত কটিয়াদী-পাকুন্দিয়াবাসী
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
জাতীয় ডেস্ক : জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আগামীকাল রবিবার (১৬ আগস্ট, ২০২৬) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং পরবর্তীতে উপজেলার চারিপাড়া সরকারি হ্যাচারি ও একটি স্থানীয় বেসরকারি হ্যাচারি পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফর কেন্দ্র করে পুরো কটিয়াদী উপজেলাজুড়ে এখন সাজসাজ রব ও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।রবিবার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী জর্জ ইনস্টিটিউট স্কুল মাঠে জাতীয় স্তরের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে বিশাল প্যান্ডেল, সুবিশাল মঞ্চ ও শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম তৈরির কাজ শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশাও বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা কটিয়াদী ও পাকুন্দিয়া অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্যাস সংযোগ প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সড়ক প্রশস্তকরণ, নদী খনন, কৃষি ফসল সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার জোরালো দাবি জানাচ্ছেন।কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দীন প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানাতে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ শতভাগ প্রস্তুত। এই ঐতিহাসিক সফরটি কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলেজ বা মাইলফলক হতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের এত বড় একটি অনুষ্ঠান ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে আয়োজন করা বর্তমান সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমরা এলাকার দীর্ঘদিনের গণদাবিগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।"
একই বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শরীফুল আলম জানান, এলাকার ভগ্নদশার প্রধান সড়কগুলো চার লেনে উন্নীত করার পাশাপাশি কিশোরগঞ্জ-ভৈরব রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ ও আধুনিক ট্রেন চালুর প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। এছাড়াও নবপ্রতিষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে, যেন স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে না হয়।তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো নতুন গতি লাভ করবে।
|