বডি ডাবল ছাড়া পানির নিচে ২০ ঘণ্টা শুটিং করলেন রাশমিকা

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বডি ডাবল ছাড়া পানির নিচে ২০ ঘণ্টা শুটিং করলেন রাশমিকা

বিনোদন ডেস্ক: তিনি ভারতের কোটি ভক্তের ‘ন্যাশনাল ক্রাশ’। পর্দায় তাঁর মিষ্টি হাসি আর রোমান্টিক অভিনয় দেখতেই অভ্যস্ত দর্শকেরা। তবে এবার সব চেনা ছক ভেঙে এক অবিশ্বাস্য ও হাড়কাঁপানো অ্যাকশন অবতারে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। কোনো প্রকার অ্যাকশন ডাবল, স্টান্টউইম্যান বা ডামির সাহায্য ছাড়াই নিজের পরবর্তী সিনেমা ‘মাইসা’-র জন্য পানির গভীরে বিপজ্জনক অ্যাকশন দৃশ্যের শুটিং সফলভাবে শেষ করেছেন তিনি। ছবির নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমার দীর্ঘ ইতিহাসে কোনো মূলধারার অভিনেত্রীর করা এটাই প্রথম সম্পূর্ণ ‘আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স’ বা পানির নিচের মারামারির দৃশ্য।

এই দৃশ্যটিকে পর্দায় শতভাগ নিখুঁত ও বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে রাশমিকা কোনো শর্টকাট পথের আশ্রয় নেননি। তিনি টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির শুটিংয়ের নেপথ্যের (Behind the Scenes - BTS) কিছু রোমহর্ষক ঝলক শেয়ার করেছেন ছবিটির প্রযোজনা সংস্থা। এই এক্সক্লুসিভ আপডেটটি শেয়ার করে নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘রাশমিকার নেতৃত্বে পানির নিচে লড়াইয়ের দৃশ্য। অতল গভীরে অপেক্ষা করছে এমন এক যুদ্ধ, যা ভারতীয় সিনেমা এর আগে কখনো দেখেনি।’

পানির নিচের এই রোমহর্ষক ও কঠিন অভিজ্ঞতার পর রাশমিকা নিজেও তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সাথে নিজের অনুভূতি শেয়ার করেছেন। এটিকে তাঁর পুরো ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং বিপজ্জনক শারীরিক চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে রাশমিকা লিখেছেন, ‘আমি জানি আমি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ নিখোঁজ ছিলাম, কিন্তু আমরা ক্যামেরার পেছনে এটাই (পানির নিচের শুটিং) করছিলাম। নিঃসন্দেহে এটি আমার পুরো জীবনে করা সবচেয়ে কঠিন ও জটিল কাজ! আমরা এই দৃশ্যটির জন্য আক্ষরিক অর্থেই পাগল হয়ে আছি, আর এটাই আমাকে ভীষণভাবে উত্তেজিত করে তুলেছে।’

রাশমিকার নতুন ও বহুল আলোচিত এই ‘মাইসা’ ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতনামা পরিচালক রবীন্দ্র পুল্লে এবং এটি বড় ক্যানভাসে যৌথভাবে প্রযোজনা করেছে ‘আনফর্মুলা ফিল্মস’। ছবির গল্পটি মূলত গড়ে উঠেছে ভারতের একটি আদিবাসী অধ্যুষিত অঞ্চলের কঠোর বাস্তব প্রেক্ষাপটে। ছবিটিকে একটি হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এটিই রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারী-প্রধান (Female-Centric) সর্বভারতীয় বা প্যান-ইন্ডিয়া অ্যাকশন চলচ্চিত্র, যা একযোগে তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি ২০২৬ সালের শেষভাগের দিকেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বিগ বাজেট ছবিটি।

মন্তব্য করুন