শিল্পী সমিতির নির্বাচন ও ভাইরাল হওয়ার প্রবণতা নিয়ে ক্ষুব্ধ ওমর সানী
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহু প্রতীক্ষিত নির্বাচন। শিল্পীদের এই মেগা নির্বাচনকে ঘিরে ঢাকার এফডিসিপাড়ায় এখন তারকা ও সাধারণ শিল্পীদের আনাগোনা এবং ব্যস্ততা তুঙ্গে। তবে এই নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশের মধ্যেই অনেক শিল্পী নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। অভিনয় বা কাজের মাধ্যমে তেমন পরিচিতি না পেলেও, কেবল নির্বাচনকে হাতিয়ার করে সস্তা জনপ্রিয়তার বা ভাইরাল হওয়ার এই চেষ্টা কতটা শিল্পীসুলভ— তা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন ঢালিউডের জনপ্রিয় চকোলেট বয় খ্যাত নায়ক ওমর সানী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে ভাইরাল হওয়ার জন্য যাঁরা দিনরাত কাজ করছেন (হাসি), তাঁরা কি আদৌ শিল্পী? বা কতটুকু শিল্পী, সেটাই এখন আমার বড় প্রশ্ন। কারণ যাঁরা প্রকৃত শিল্পী, তাঁরা কিন্তু সস্তা উপায়ে এভাবে কখনোই ভাইরাল হওয়ার চেষ্টা করছেন না।’
শুধু ভাইরাল হওয়ার প্রবণতাই নয়, নির্বাচনকে ঘিরে এফডিসিতে কথা বলা এবং কাদা ছোড়াছুড়ি নিয়ে সবাইকে বেশ সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ওমর সানী। তিনি মনে করেন, বেশ কিছুদিন ধরে অনেকেই তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্যকে নিজেদের মতো করে বিকৃত করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্ন তোলা হয়েছে। প্রচার করা হচ্ছে আমি নাকি সমিতির সবাইকে খারাপ বলেছি, আসলে বিষয়টা মোটেও তেমন না। এ নিয়ে নানা ধরনের মিথ্যা কথা চারদিকে ছড়ানো হচ্ছে। আসলে যাঁরা না জেনে বা সত্যতা যাচাই না করে কথা বলছেন, তাঁরা আগে ভালো করে দেখেন, শোনেন এবং বোঝেন, তারপরে মন্তব্য করেন।’
সহশিল্পীদের আচরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করে এ সময় ওমর সানী আরও বলেন, ‘শুধু আপনি এক কান দিয়ে শুনবেন না। শিল্পী সমিতির ডাইনে যাবেন, বামে যাবেন, সেখানে পর্দার আড়ালে একজন আপনাকে শেখায় দেবে যে ওমর সানীর নামে এগুলো বলেন, আর আপনিও কোনো কিছু না ভেবে এই ধরনের ভিত্তিহীন কথা বলা শুরু করবেন। এটা মোটেও কোনো পেশাদার বা শিল্পীসুলভ আচরণ না। আপনাকে অবশ্যই সবকিছু বুঝে কথা বলতে হবে। কারণ, আমি ঢালাওভাবে সবাইকে বলিনি; আমি শুধু বলেছিলাম যে দু-একজন শিল্পীসত্তাকে নিজের মনে ধারণ করে না, অথচ তারাও শিল্পী সমিতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব বা দায়িত্ব নিতে চায়। আমি কেবল তাদের সম্পর্কেই সত্য কথা বলেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি সবাইকে খারাপ কিছু বলেছি।’
ভিডিওর শেষ অংশে সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে এই ঢালিউড তারকা বলেন, ‘আমার শিল্পী ভাইবোনদের উদ্দেশ করে বলছি, যাঁরা ডাইনে-বামে বা অন্যের ইশারায় তাকিয়ে কথা বলছেন, তাঁরা দয়া করে এভাবে আর কথা বলবেন না। আমি সবসময় সবার প্রতি সম্মান রেখেই কথা বলি, তাই অনুরোধ করব সেই পারস্পরিক সম্মানটা কেউ নষ্ট করবেন না। আগামী ৩ তারিখের নির্বাচনে আমি একজন সাধারণ ভোটার হিসেবে সুন্দর পরিবেশে ভোট দিতে চাই, আমাদের সেই গণতান্ত্রিক সুযোগটা করে দেবেন। আমি অত্যন্ত সাধারণ একজন শিল্পী। আমরা শিল্পীরা কেউ অসাধারণের জায়গায় থাকি না। পরিশেষে এটাই বলব, এবার যাঁরা নেতৃত্বে বা দায়িত্বে যাবেন, তাঁরা দয়া করে নোংরা প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকবেন। আর যাঁরা নতুন কেবিনেটে আসবেন তাঁদের অগ্রিম ধন্যবাদ।’
|