অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু,

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু,
কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডা (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার ভারতের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে ওই অভিনেত্রীর ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তবে ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা সেখানে ছিলেন না, তিনি ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে এক গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত বৈশাখ দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছিলেন এবং এ জন্য চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা ঝামেলার কারণে তিনি মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত ছিলেন। তদন্তে আরও জানা গেছে, দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে তিনি তার স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন।

উল্লেখ্য, নিহত এই ব্যবসায়ী এর আগেও একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকির মামলায় পুলিশের জালে জড়িয়েছিলেন। ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে কুরিয়ারের মাধ্যমে ৬ থেকে ৭ কোটি রুপি দাবি করে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে এইচএএল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই হুমকি দেওয়া হয়েছিল বলে তখন দাবি করেছিল তদন্তকারীরা। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান এবং গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান তদন্তের ওপর স্থগিতাদেশ দেন।

ব্যবসায়ী বৈশাখের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন