বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ
বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

অনলাইন ডেস্ক: প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে চরকি অ্যাওয়ার্ডস। আসন্ন দ্বিতীয় আসরে তাকে স্মরণ করে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানিয়েছেন, চরকি অ্যাওয়ার্ডসের সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪ ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্টর (ফিমেল) হিসেবে ‘৩৬–২৪–৩৬’ চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার মৃত্যুর পর তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কারিনা কায়সারের অসাধারণ কাজ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাই এবারের আয়োজনে তাকে প্রতিযোগিতার পরিবর্তে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

আগামী ৩ জুলাই ঢাকার একটি হোটেলে ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ শিরোনামে দ্বিতীয়বারের মতো চরকি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এবারের আসরে মোট ২৩টি বিভাগে সমালোচক ও দর্শক ভোটের মাধ্যমে সেরা নির্বাচন করা হবে। সাবস্ক্রাইবারস চয়েস ২০২৪ বিভাগে ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে রয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬–২৪–৩৬’। সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে মনোনয়ন পেয়েছেন ইয়াশ রোহান, প্রীতম হাসান, শাকিব খান ও সৈয়দ জামান শাওন।

সেরা অভিনেত্রী (মহিলা) বিভাগে রয়েছেন তাসনিয়া ফারিণ, মাসুমা রহমান নাবিলা এবং মেহজাবীন চৌধুরী। এছাড়া সিরিজ ও সংগীত বিভাগেও বিভিন্ন মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সমালোচক পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে এবং এরপর ২০২৩ সালের পুরস্কার তালিকাও ঘোষণা করা হবে।

মন্তব্য করুন