আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না: রজনীকান্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না: রজনীকান্ত

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। ৭৪ বছর বয়সেও যার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি, সেই ‘থালাইভা’র জীবনেও এমন এক সময় এসেছিল যখন কেউ তার দিকে ফিরেও তাকায়নি। সম্প্রতি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে নিজের জীবনের সেই অদ্ভুত ও শিক্ষণীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই সুপারস্টার।

আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রজনীকান্ত জানান, একবার তিনি মানসিক শান্তির খোঁজে একটি আশ্রমে গিয়েছিলেন। সুপারস্টার হিসেবে তিনি ভেবেছিলেন, সেখানেও হয়তো ভক্তদের ভিড় বা হইচই হবে। কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টো।

রজনীকান্তের ভাষায়, “আমি দেখলাম সেখানে কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ ছিলেন। কিন্তু সত্যি বলতে, একজন মানুষও আমাকে দেখছিল না।”

এই ঘটনা রজনীকান্তকে তারকাখ্যাতি নিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তিনি উপলব্ধি করেছেন যে, আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর হতে পারে। তার মতে, “সেই সময় আমি বুঝেছিলাম সত্যিকারের স্টারডম আসলে কী। আধ্যাত্মিকতা মানুষকে জাগতিক মোহের ঊর্ধ্বে নিয়ে যায়।”

প্রথমে মাত্র দুই দিনের জন্য আশ্রমে গেলেও সেখানকার পরিবেশ ও মানসিক শান্তিতে মুগ্ধ হয়ে টানা ১০ দিন সেখানে অবস্থান করেছিলেন এই অভিনেতা। বর্তমানে রজনীকান্তের এই সরল স্বীকারোক্তি তার ভক্তদের মধ্যে বেশ প্রশংসা কুড়াচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন