নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সময়ে মুসলমানদের ওপর সহিংসতা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর ধারাবাহিকভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, পরিকল্পিতভাবে মুসলমানদের অধিকার খর্ব করে ভারতে সাম্প্রদায়িক পরিস্থিতি উসকে দেওয়া হচ্ছে। এ সময় ভারতের বর্তমান সরকারের ‘মুসলিমবিদ্বেষী রাজনীতি’র কঠোর সমালোচনা করেন সংগঠনটির নেতারা।
সমাবেশ থেকে বাংলাদেশের জাতীয় সংসদে ভারতের এই মুসলিম নির্যাতনের বিরুদ্ধে সর্বদলীয় নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসি এবং জাতিসংঘের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর নীরবতা এ ধরনের নির্যাতনকে আরও উৎসাহিত করছে।
চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমানের সভাপতিত্বে সমাবেশে মহানগরের সদস্যসচিব এনামুল হক মাদানী ও কামরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়।