ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। অভিযুক্ত দুই সদস্য হলেন ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় ওই দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তারা ইনুকে বলছিলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’ এই আচরণ ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক গাম্ভীর্যের পরিপন্থী এবং শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে হাসানুল হক ইনুর বিচার চলছে। বুধবার তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ