নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির খবর পেল সেলেসাও ভক্তরা। বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে মাঠ মাতাবেন পোস্টার বয় নেইমার জুনিয়র। গতকাল সোমবার ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। আর সেই স্কোয়াডে নেইমারের নাম থাকা নিশ্চিত হতেই রীতিমতো বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে গোটা ব্রাজিল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আসন্ন এই ফুটবল মহাযুদ্ধের দল ঘোষণার জন্য গতকাল এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অন্তত ৭০০ দেশি-বিদেশি সাংবাদিক। আনচেলত্তি যখনই স্ট্রাইকার হিসেবে নেইমারের নাম উচ্চারণ করেন, তখনই পুরো সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা উল্লাসে ফেটে পড়েন। করতালির শব্দে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, কোচ আনচেলত্তিকে কিছুক্ষণের জন্য পরবর্তী নাম ঘোষণা বন্ধ রাখতে হয়।
নেইমারকে ঘিরে ব্রাজিলের এই বাঁধভাঙা উল্লাস শুধুমাত্র সংবাদ সম্মেলন কক্ষেই সীমাবদ্ধ ছিল না; বরং তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা ব্রাজিলের অলিগলিতে। যার একটি দারুণ প্রতিফলন দেখা গেছে ব্রাজিলের সাবেক কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলোর একটি রিল বা ভিডিওতে।
দল ঘোষণার সময় টেলিভিশনের পর্দায় নেইমারের ছবির পাশে বড় অক্ষরে লেখা ছিল ‘বাতে নো পেইতো’ (Bate no peito), বাংলায় যার অর্থ ‘বুকে হাত দাও’। টেলিভিশনে এই বিশেষ মুহূর্তটি দেখা মাত্রই আনন্দে ফেটে পড়েন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা লেফট-ব্যাক। ভিডিওতে মার্সেলোকে উচ্চস্বরে চিৎকার করতে, মুষ্ঠি উঁচিয়ে উল্লাস প্রকাশ করতে এবং মুখে চওড়া হাসি নিয়ে নাচতে দেখা গেছে।
মার্সেলোর এই আবেগময় প্রতিক্রিয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরপরই তা ব্যাপকভাবে ভাইরালে রূপ নেয়। ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে মাঠ এবং মাঠের বাইরে কতটা গভীর ও আত্মিক বন্ধুত্ব রয়েছে, মার্সেলোর এই উদযাপন সেটাই আরও একবার ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিল। একই সঙ্গে নেইমারের এই রাজকীয় অন্তর্ভুক্তি যে হেক্সা জয়ের মিশনে গোটা ব্রাজিলকে নতুন করে উজ্জীবিত করেছে, তাও স্পষ্ট।
৩৪ বছর বয়সী পিএসজি ও আল হিলালের এই তারকা ফরোয়ার্ডের জন্য এবারের বিশ্বকাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক বছরগুলোতে তিনি বারবার মারাত্মক চোট ও অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটাতে বাধ্য হয়েছেন। অনেকেই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে সব বাধা পেরিয়ে ব্রাজিলের জন্য তিনি যে এখনো কতটা অপরিহার্য ও অনবদ্য চালিকাশক্তি, এই দল ঘোষণা তারই প্রমাণ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে এবারও সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। আর দলের প্রধান তারকা নেইমারের এই দলে উপস্থিতি সেলেসাওদের ড্রেসিংরুমের মনোবল ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
|