ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান
ইরান ফুটবল ফেডারেশন কর্তৃক প্রকাশিত সেই চিঠিতে তারা তাদের প্রাচীন পারস্যের চেতনাকে তুলে ধরেছে। চিঠিতে লেখা ছিল, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’
লসের অ্যাঞ্জেলেসের ভেন্যু কর্তৃপক্ষ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা এখানে গর্ব নিয়ে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’ এছাড়া চিঠির শেষ অংশে বিশ্বজুড়ে শান্তি, সম্মান এবং বন্ধুত্বের আহ্বান জানানো হয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণের শুরু থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বৈরিতার কারণে ইরান দলকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতিটি ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছে তারা। বিশ্বকাপে ইরানের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রে নির্ধারিত থাকলেও নিরাপত্তার অজুহাতে বেসক্যাম্প হিসেবে তারা মেক্সিকোর তিজুয়ানাকে বেছে নিয়েছে।
চিঠিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ নামে দুটি শব্দ উল্লেখ রয়েছে, যা নীল কালির ওপর লাল কালিতে লেখা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে হামলা ও প্রাণহানির ঘটনার প্রতি ইঙ্গিত করেই মূলত এই বিশেষ সংকেত ব্যবহার করেছে ইরান দল।
জান্নাত সকালবেলা
|