ওয়ার্ম-আপের সময় ধাক্কা দিল ভারী রোলার, অলৌকিক রক্ষায় বেঁচে গেলেন টাউনসেন্ড
ক্রীড়া ডেস্ক: ফুটবল মাঠে খেলোয়াড়দের ইনজুরি কিংবা পেশি টান পড়ার দৃশ্য নিয়মিত দেখা গেলেও গায়ের ওপর ভারী পিচ রোলার উঠে যাওয়ার কথা কল্পনা করাও কঠিন। ঠিক তেমনই এক অবিশ্বাস্য ও শিহরে ওঠার মতো ভূতুড়ে ঘটনার মুখোমুখি হয়ে অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক তারকা উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড।
বর্তমানে থাই প্রিমিয়ার লিগের ক্লাব ‘পিটি প্রাচুয়াপ’-এর হয়ে খেলা ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবার পাত্তানির বিরুদ্ধে ম্যাচের হাফ-টাইমে সতীর্থদের সঙ্গে পাসিং অনুশীলন করছিলেন। সে সময় মাঠ সমতল করার কাজে নিয়োজিত একটি ভারী ধাতব রোলার অসাবধানতাবশত তাকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি ছিটকে পড়ে যান।
মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণহীন রোলারটি তার কোমর পর্যন্ত উঠে যায়। তবে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই চালক দ্রুত গাড়িটি থামিয়ে দিতে সক্ষম হন। মাঠে উপস্থিত সতীর্থ ও কর্মীরা আতঙ্কিত হয়ে ছুটে যান। তবে আশ্চর্যজনক বিষয় হলো— কোনো হাড় ভাঙা বা বড় ধরনের জখম ছাড়াই এ নিশ্চিত প্রাণঘাতী দুর্ঘটনা থেকে বেঁচে যান সাবেক এই টটেনহাম তারকা।
দুর্ঘটনার পর অবিশ্বাস্যভাবে সুস্থ থেকে ম্যাচের শেষ মুহূর্তে ১ মিনিটের জন্য বদলি হিসেবে মাঠেও নামেন টাউনসেন্ড। ম্যাচটিতে তার দল পিটি প্রাচুয়াপ ৩-০ গোলের বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
দীর্ঘ ১৭ বছরের খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও টটেনহাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, এভারটন ও লুটন টাউনের মতো ক্লাবে ২৯১টিরও বেশি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ উইঙ্গার। সম্প্রতি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে থাই ফুটবলে পাড়ি জমিয়েছেন তিনি।