কোহলিকে টপকে টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ডে শীর্ষে বাবর

কোহলিকে টপকে টি-টোয়েন্টিতে ফিফটির রেকর্ডে শীর্ষে বাবর

বাবর আজমের উত্থানের পর বেশ কয়েকবার বিরাট কোহলির সঙ্গে তার তুলনা হয়েছিল। তবে ফর্ম ধরে রাখতে না পারায় মাঝে সেই আলোচনায় ভাটা পড়েছিল।

এবার কোহলিকে ছাড়িয়ে গিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই পাকিস্তানি ব্যাটার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিফটি করার মাধ্যমে ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন তিনি।

​অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ২০৭ রানের বড় সংগ্রহে ৩৬ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বাবর। এটি তার ৩৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি। এই ফিফটির মাধ্যমেই তিনি কোহলির করা ৩৮টি ফিফটির রেকর্ড ভেঙে দেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে কোহলি এই সংস্করণকে বিদায় জানানোয় তার রেকর্ডটি স্পর্শ করা বাবরের জন্য সহজ হয়ে যায়।

​এই তালিকায় ৩৭টি ফিফটি নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৩১টি অর্ধশতক নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং ২৯টি অর্ধশতক নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

উল্লেখ্য, ১৩৯ ইনিংসে ৪৫০৫ রান নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায়ও শীর্ষে রয়েছেন বাবর আজম। এই ফরম্যাটে তার নামের পাশে তিনটি সেঞ্চুরিও রয়েছে।

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন