শিশুকে উত্ত্যক্ত করে টিকটক, যুবক গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
শিশুকে উত্ত্যক্ত করে টিকটক, যুবক গ্রেপ্তার

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে ছয় বছরের এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও পোস্টের অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সন্ধ্যায় ফেনী শহরতলীর লালপোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে রাতে শিশুটির বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মোজাম্মেল কুমিল্লা চান্দিনার মৈশাইল এলাকার বাসিন্দা; তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলায় ভাড়া থাকতেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফেনী সদরের গোবিন্দপুর এলাকায় ওই শিশুটির পথ রোধ করে কয়েকজন বখাটে যুবক। তাদের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানি করে এবং অপরজন তা ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেয়। ৩০ জুলাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পুলিশ প্রধান অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীর বাবা মোজাম্মেলসহ তিনজনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন—পশ্চিম সিলোনিয়া এলাকার সালমান (২০) ও যাত্রাসিদ্ধি এলাকার মাহফুজ (১৯)।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বাকি দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা