নিখোঁজের পর তেঁতুল গাছের মগডাল থেকে গৃহবধূ উদ্ধার

নিখোঁজ গৃহবধূ মিললেন তেঁতুল গাছের মগডালে! উদ্ধারে নামল ফায়ার সার্ভিস

প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
নিখোঁজের পর তেঁতুল গাছের মগডাল থেকে গৃহবধূ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এক রহস্যময় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার পরদিন এক গৃহবধূকে একটি উঁচু তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়া ওই নারীকে বুধবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।
উদ্ধার হওয়া নারী ওই এলাকার মো. আবু সাইদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি হঠাৎ নিখোঁজ হন। স্বজনরা রাতভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। কিন্তু বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি বিশালাকৃতির তেঁতুল গাছের মগডালে তাঁকে বসে থাকতে দেখে এলাকাবাসী অবাক হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী গাছের মগডালে কখনো বসে, আবার কখনো শুয়ে ছিলেন। এমনকি সেখানে বসে তাঁকে কিছু একটা খেতেও দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয় এবং উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে দ্রুত উলিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানের শুরুতে ওই নারী অসহযোগিতা করেন এবং নিচে নামানোর চেষ্টা করলে পানিতে লাফ দেওয়ার হুমকি দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত কৌশলে তাঁকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান। পরিবারের সদস্যদের সহায়তায় এবং কৌশল অবলম্বন করে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই নারীর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও এলাকায় এ নিয়ে নানা গুঞ্জন ও কৌতূহল বিরাজ করছে।