বাগেরহাটে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরজাহান বেগম (৪৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বরকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার নুরজাহান বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার জিয়ানগর গ্রামের মৃত মোকাচ্ছের হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈচ্চাকাঠি (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করে আসছিলেন।
বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলমের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। সন্দেহভাজন হিসেবে নুরজাহান বেগমকে আটক করে তাঁর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগ থেকে ৫০টি নীল রঙের জিপার পলিপ্যাকেটে রাখা মোট ১০ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন ১ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।
এআইএল/সকালবেলা
|