ধূমপানের ভিডিও ভাইরাল: সরকারি খাদ্য কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ণ
ধূমপানের ভিডিও ভাইরাল: সরকারি খাদ্য কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

শেখ রনজিত সীমান্ত, বিশেষ প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলএসডির (খাদ্য গুদাম) ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল কাদের বকশীর অফিস কক্ষে দায়িত্ব পালনকালে ধূমপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি সামনে আসার পর থেকে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মঘণ্টায় নিজ দপ্তরে অবস্থানকালে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ সরকারি চাকরি বিধিমালা ও পেশাদারত্বের পরিপন্থী। তাঁদের মতে, সেবাপ্রার্থীদের সম্মুখে অফিস কক্ষে ধূমপান করার মতো ঘটনা জনসেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ঘটনাটি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সরকারি দপ্তরে দায়িত্ব পালনে সঠিক আচরণবিধি ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

এ বিষয়ে জানতে কাকিনা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বকশীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা