বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাবার মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ
বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাবার মৃত্যু

বরিশাল প্রতিনিধি: ছেলেকে উন্নত ভবিষ্যতের জন্য প্রবাসগামী বিমানে উঠিয়ে দিয়ে বাড়িতে ফেরার পরপরই স্ট্রোক করে মারা গেছেন ইউপি সদস্য সাত্তার সরদার (৫৮)। এই হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাত্তার সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং ঘেয়াঘাট গ্রামের তনু সরদারের ছেলে।

মৃতের পারিবারিক ও স্বজনদের সূত্রে জানা গেছে, ইউপি সদস্য সাত্তার সরদারের ছোট ছেলে রাকিব সরদার গত বুধবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ছেলেকে বিদায় জানাতে তিনি নিজেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে ছেলেকে প্রবাস জীবনের উদ্দেশ্যে বিমানে উঠিয়ে দিয়ে রাতেই গৌরনদীর নিজ বাড়িতে ফিরে আসেন সাত্তার।

স্বজনরা শুক্রবার সকালে জানান, ছোট ছেলেকে বিমানবন্দরে বিদায় দেওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। সম্ভবত ছেলের দূর প্রবাসে চলে যাওয়ার কষ্ট ও মানসিক চাপ তিনি সহ্য করতে পারেননি।

পরেরদিন গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়িতে অবস্থানকালে তিনি হঠাৎ তীব্র স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় বাটাজোর সুইস হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় এই জনপ্রতিনিধির এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন