জামালপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে একটি খাল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের গলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকার দানাভাঙা খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে দানাভাঙা খালে মাছ ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দারা একটি লাশ পানিতে ভেসে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে খালে ফেলে রেখে গেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটি ফুলে-ফেঁপে বিকৃত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, "প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।"
পুলিশ জানায়, সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা