নড়াইলে ট্রলি খাদে পড়ে চালক নিহত
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল মুসল্লী নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে কালিয়া-বড়দিয়া আঞ্চলিক সড়কের হাড়ীভাঙা চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার জয়পুর গ্রামের বাবলু মুসল্লীর ছেলে রাহুল পেশায় একজন ট্রলিচালক। বৃহস্পতিবার দুপুরে কালিয়া বাজার থেকে সিমেন্ট নামিয়ে উপজেলা সদরে ফেরার পথে হাড়ীভাঙা এলাকায় পৌঁছালে সড়কের গর্তে পড়ে ট্রলিটির নিয়ন্ত্রণ হারান তিনি। এতে ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ও লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|