খুলনায় অস্ত্রসহ বি কোম্পানির ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
সরদার সাইদী হাসান বাবু (খুলনা): খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ টাকাসহ 'বি কোম্পানি' নামের একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (২ আগস্ট) দুপুরে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পিরোজপুরের মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জের মো. সুজন (৩৫) এবং বরগুনার মো. নান্না বেপারি (৫৭)।
র্যাব জানায়, নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে লবণচরা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
এআইএল/সকালবেলা
|