কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি আইনি মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে গিয়েছিলেন। আইনি কাজ শেষ করে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে খুনিয়াপালংয়ের স্কুলপাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই বোন রুবিনা ও শাহিনার মৃত্যু হয়।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা