চুয়াডাঙ্গায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম স্বাগত বক্তব্য দেন। স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠানে জানানো হয়, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে আজ ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। জেলার ৪টি উপজেলা থেকে অংশ নেওয়া ১৪টি স্টলে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আলোচনা পর্ব শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এআইএল/সকালবেলা
|