পীরগাছায় শিক্ষার্থীদের মাদক ও স্মার্টফোনকে লাল কার্ড

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
পীরগাছায় শিক্ষার্থীদের মাদক ও স্মার্টফোনকে লাল কার্ড

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের ক্ষতিকর অপব্যবহার থেকে মুক্ত থাকার অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এই মাদক ও কিশোর অপরাধবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মালিক। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক সেবন না করা, কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করে শপথ পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

তিনি জানান, সংগঠনের সদস্যরা নিজেদের টিফিনের টাকা সাশ্রয় করে দেশের ৬৪ জেলায় গত ১৫ বছর ধরে সামাজিক সচেতনতামূলক কাজ চালিয়ে আসছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের গঠিত এই সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে দেশপ্রেম ও সামাজিক অপরাধবিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধ করেছে।

এআইএল/সকালবেলা