৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ছেলে-নাতির বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন
মোঃ জাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে জমি বিক্রির গচ্ছিত ৩৬ লাখ টাকা আত্মসাৎ এবং সেই টাকা ফেরত চাওয়ায় ৯৬ বছর বয়সী এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর নিজ ছেলে ও নাতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—গাজীপুর মহানগরের গজারিয়াপাড়া কবির মার্কেট এলাকার বাসিন্দা ইয়াকুব (৫৫) ও তাঁর ছেলে পারভেজ (২২)।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে গজারিয়াপাড়া কবির মার্কেট এলাকার বাসিন্দা মৃত আবুল হাশেমের ছেলে আব্দুল মান্নান তাঁর নিজ নামে থাকা জমি বিক্রি করে পাওয়া নগদ ৩৬ লাখ টাকা আমানত হিসেবে তাঁর ছেলে ইয়াকুবের কাছে গচ্ছিত রাখেন। পরবর্তীতে প্রয়োজনের সময় বিভিন্ন দফায় ওই টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি পারিবারিকভাবে এবং স্থানীয় স্বজনদের মধ্যস্থতায় সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরে গত ২০ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে আব্দুল মান্নান তাঁর গচ্ছিত টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে টাকা ফেরতের জন্য চাপ দিলে তাঁকে প্রাণনাশ এবং বসতবাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বৃদ্ধ।
৯৬ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। কিন্তু নিজের জমি বিক্রির টাকা ফেরত না পাওয়ায় তিনি চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছেন না। পাশাপাশি হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছেন। তিনি তাঁর গচ্ছিত ৩৬ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ দৈনিক সকালবেলা-কে বলেন, "অভিযোগটি দ্রুত তদন্ত করে বিষয়টির সত্যতা যাচাই করা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এআইএল/সকালবেলা