প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী-সন্তান

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী-সন্তান

টাঙ্গাইল প্রতিনিধি: যে স্ত্রী-সন্তানের সুখের জন্য পরিবার ছেড়ে দীর্ঘ ১২ বছর মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে কাটিয়েছেন, অসুস্থ হয়ে দেশে ফেরার পর সেই স্বজনেরাই রাতের আঁধারে তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায়। প্রবাসফেরত ওই ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৯)। তিনি কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। হৃদয়বিদারক এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে জামাল উদ্দিন নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাশবাড়ি দক্ষিণ পাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে টানা ১২ বছর কর্মরত ছিলেন। প্রবাসজীবনে উপার্জিত সব টাকা তিনি স্ত্রীর কাছেই পাঠাতেন। কিন্তু কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকেই তাঁর চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারে চরম অবহেলার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, শনিবার (১ আগস্ট) গভীর রাতে জামাল উদ্দিনকে তাঁর পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে চলে যান স্ত্রী রিনা আক্তার ও সন্তানেরা। রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় পড়েন। পরদিন রোববার সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তাঁর ভাতিজি ইসমতারার বাড়িতে তাঁকে আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমার ভাইকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু সে কথা শোনেনি। প্রবাসে সব বিলিয়ে শেষ বয়সে এসে আজ স্ত্রী-সন্তানের কাছে এমন নির্মমতার শিকার হতে হলো, এর চেয়ে কষ্টের আর কী হতে পারে! সে এতই অসুস্থ যে এখন কোনো কথা পর্যন্ত বলতে পারছে না।"

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর সহযোগিতায় অসুস্থ জামাল উদ্দিনকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার দাবি করেন, "কয়েক মাস আগেই তাঁকে আমি ডিভোর্স দিয়েছি, তাঁর সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। সে রাতে কীভাবে ওই এলাকায় গেল সে বিষয়ে আমি কিছুই জানি না।"

এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, বিষয়টি জানার পরপরই উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগী জামাল উদ্দিনের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা