১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসির নতুন প্রশাসক শওকত হোসেন

১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসির নতুন প্রশাসক শওকত হোসেন

মহিউদ্দিন আহমেদ, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই নগরীর আমূল পরিবর্তনে ১৮০ দিনের (৬ মাস) এক মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এই কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রশাসক জানান, নগরবাসীর দীর্ঘদিনের যানজট দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজ করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু এবং বিকল্প সড়কগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মহানগরীকে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে মুক্ত করতে অভ্যন্তরীণ ১৯টি খাল জরুরি ভিত্তিতে খননের উদ্যোগ নিয়েছেন নতুন প্রশাসক। পাশাপাশি ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, বর্জ্য ব্যবস্থাপনাই আধুনিকায়ন, ঝুলন্ত ডিশ লাইন অপসারণ ও পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করে গাজীপুরকে একটি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শওকত হোসেন সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে মহানগরীর ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে খেলার মাঠ এবং একটি শিশু পার্ক নির্মাণ করা হবে। একইসাথে সুস্থ ধারার সাংস্কৃতিক কার্যক্রমকেও বেগবান করা হবে।

সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করেন নতুন প্রশাসক। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, নাগরিক সেবা সহজলভ্য করতে এবং জনকল্যাণমুখী প্রশাসন গড়তে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

এর আগে সকালে নগর ভবনে পৌঁছে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় সরকার সচিবের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন