কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী এবং দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে উর্মি সপরিবারে ওই এলাকার আমিরুল ইসলামের ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। রাত দেড়টার দিকে উর্মির স্বামী বাপ্পী পুলিশকে জানান, তাঁর স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উর্মির লাশ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বর্তমানে ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন