আদালতে হট্টগোল: বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

আদালতে হট্টগোল: বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি: আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত চত্বর থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বর্তমানে তাঁকে জেলা ও দায়রা জজ আদালতের মেট্রো হাজতখানায় রাখা হয়েছে।

গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস একটি মামলায় জামিন পান। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভ চলাকালে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

সেই মামলার প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে আদালত চত্বর থেকে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু জানান, ডিবি, র‍্যাব ও পুলিশ ছাড়াও সেখানে সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আইনজীবীরা ‘অবৈধ গ্রেপ্তার মানি না’, ‘সভাপতির মুক্তি চাই’ এবং দলীয় স্লোগান দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ভবনের ফটক আটকে দেওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা দুই দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলে তাঁদের সরে যাওয়ার অনুরোধ করলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আদালত পুলিশ বা থানার দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। আন্দোলনরত আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গ্রেপ্তার করা হয়েছে এবং অবিলম্বে সভাপতির মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন