শিবপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
শিবপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রাণিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। এর মাধ্যমে পুরো আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলমেলায় পরিণত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালে শিবপুর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১৭৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তাদের মধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৫৮ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ১১ জন, সরকারি সাধারণ গ্রেডে ৮৮ জন এবং বেসরকারি সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থী সম্মানজনক এ অর্জন লাভ করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন