ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া: রাজবাড়ীতে ৩ পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া: রাজবাড়ীতে ৩ পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিআরটিএ নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় তিনটি পরিবহনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩১ মে) বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত রাজবাড়ী সদরের নতুন বাজার বাসস্ট্যান্ড এবং মুরগি ফার্ম এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় জনসাধারণের যাতায়াত নিরাপদ রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে এই তদারকি অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট প্রতিটি বাস কাউন্টারে তদন্ত পরিচালনা করেন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা কঠোরভাবে যাচাই করেন। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের বাসে থাকা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত ও ভাড়াসংক্রান্ত অভিযোগ যাচাই-বাছাই করা হয়।

এই তদন্ত ও যাচাই-বাছাইয়ের একপর্যায়ে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আইন অমান্য করার দায়ে ‘সপ্তবর্ণা পরিবহন’ ও ‘গোল্ডেন লাইন পরিবহন’ নামের দুটি বাস কর্তৃপক্ষকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া একই সময়ে কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে ‘জামান বাস কাউন্টার’কে আরও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো টাকা যাত্রীদের কাছ থেকে নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। আজ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে এবং তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ৩টি পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং জনস্বার্থে প্রশাসনের এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।