নওগাঁয় মদের আস্তানার সন্ধান, গ্রেপ্তার ২ ভাই
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় চোলাই মদের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদসহ মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার ও তা ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার দিবর গ্রামে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার দুজন হলেন—দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)।
পুলিশ জানায়, দিবর গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশীয় তৈরি চোলাই মদ প্রস্তুত ও কেনাবেচা চলছে—এমন একাধিক অভিযোগ জেলা পুলিশের কাছে জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান চালায়। রাতভর অভিযানে আস্তানা থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উদ্ধার করা ভেজাল উপকরণ ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করে পুলিশ।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলাজুড়ে অবৈধ মদের কারবার নির্মূলে গোয়েন্দা নজরদারি ও পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা