জুলাই জাগরণে হামলার আশঙ্কা এনসিপির, প্রশাসনের সাহায্য প্রার্থনা

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
জুলাই জাগরণে হামলার আশঙ্কা এনসিপির, প্রশাসনের সাহায্য প্রার্থনা
কিশোরগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নেতৃবৃন্দ (ফাইল ছবি)।

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির নেতারা কর্মসূচির সার্বিক প্রস্তুতির চিত্র তুলে ধরার পাশাপাশি কর্মসূচিতে অশুভ চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে জেলা ও পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা নেতারা জানান, এনসিপির পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুলাই জেলার তাড়াইল, করিমগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলা শহরে পর্যায়ক্রমে ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’ অনুষ্ঠিত হবে। পথসভা ও গণসংযোগ সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

নেতারা আরও জানান, রবিবারের এ কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির জেলা সদস্য সচিব আরিফুর রহমান বাবু শঙ্কা প্রকাশ করে বলেন, “আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আগামীকালকের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে এবং হামলা চালাতে একটি মহল ষড়যন্ত্র করছে।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই সম্ভাব্য হামলার পেছনে ‘পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের’ দোসরদের সম্পৃক্ততার ইঙ্গিত প্রদান করেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, জেলা আহ্বায়ক শেখ খাইরুল কবির, জেলা সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন ও ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বক্তারা জেলা ও উপজেলার সকল স্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে ২৭ জুলাইয়ের ‘দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা’য় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আকুল আহ্বান জানান।