নারায়ণগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৮৩ জন গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৮৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের চালানো ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, ডাকাত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ সর্বমোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৮৩ জনের মধ্যে ছয়জন চিহ্নিত মাদক কারবারি, ৪৬ জন মাদকসেবী, ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পরোয়ানা আসামি, চারজন ডাকাত, একজন চোর, নিয়মিত অন্যান্য মামলার আসামি পাঁচজন, সাধারণ আইনের অন্যান্য ধারায় তিনজন এবং সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সক্রিয় সদস্য রয়েছেন।

উপজেলা ও থানাভিত্তিক হিসেবে এই অভিযানে সোনারগাঁ থানা এলাকা থেকে জেলায় সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁ থেকে গ্রেপ্তার ৩০ জনের মধ্যে ২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি, ২১ জন মাদকসেবী, ১ জন ডাকাত, ৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

অন্যান্য থানার মধ্যে সিদ্ধিরগঞ্জ থেকে ১২ জন মাদকসেবীসহ মোট ১৪ জন; ফতুল্লা থানা এলাকা থেকে ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ ১৩ জন; নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে ২১০ গ্রাম গাঁজাসহ ১০ জন; বন্দর থানা থেকে ৩ জন ডাকাতসহ ৭ জন; রূপগঞ্জ থেকে ১ জন চোর ও অন্যান্য আসামি সহ ৭ জন এবং আড়াইহাজার থানা এলাকা থেকে ২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে এই বিশেষ অভিযান চালায়। অপরাধীদের দমনে পুলিশি এ কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

সকালবেলা / নুসরাত