‘পার্শ্ববর্তী দুই দেশ মাদক ছড়িয়ে আমাদের ধ্বংস করছে’
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এক সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে “মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ গজারিয়া গড়ি” স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, "মাদক একটি নীরব ঘাতক। একসময় সীমান্তে গুলি করে আমাদের দেশের মানুষকে হত্যা করা হতো। এখন গুলির কোনো আওয়াজ ছাড়াই পার্শ্ববর্তী দুই দেশ মাদক ছড়িয়ে দিয়ে আমাদের সমাজকে ধ্বংস করছে এবং নীরবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো মূল্যে গজারিয়াকে মাদকমুক্ত করতে হবে।"
ইউনিয়নভিত্তিক মাদক নির্মূলে সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মো. সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নুরে আলমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী।
আলোচনা সভা শেষে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বক্তারা সামাজিক ঐক্য গড়ে তুলে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সমাজকে অপরাধমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা