নান্দিনা বাজারে আধুনিক মাছ বাজারের শুভ উদ্বোধন

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
নান্দিনা বাজারে আধুনিক মাছ বাজারের শুভ উদ্বোধন

ডা. আজাদ খান, জামালপুর: জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা বাজারে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আধুনিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে নির্মিত চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন এবং মাছ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় নান্দিনা মাছ বাজার প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, "নান্দিনা বাজার এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই আধুনিক অবকাঠামো নির্মাণের ফলে স্থানীয় ব্যবসায়ীদের জন্য এক উন্নত ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ তৈরি হলো। এটি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কেনাকাটার পথকে আরও নিরাপদ ও সহজ করবে।"

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বাজার পরিকাঠামোসহ বিভিন্ন খাতে জামালপুরের চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এবং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব হোসেন জুয়েল।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

স্থানীয়দের মতে, নতুন এই আধুনিক ভবন ও মাছ বাজার চালু হওয়ায় নান্দিনা বাজারের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও নতুন গতি সঞ্চারিত হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন