তিস্তার ভাঙন প্রতিরোধের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
তিস্তার ভাঙন প্রতিরোধের দাবিতে স্মারকলিপি প্রদান

আবু রায়হান (রংপুর ব্যুরো): রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নে তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধ, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার এবং জরুরি রোগী পারাপারে স্পিডবোটের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রোববার (২ আগস্ট) দুপুরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। পরে তারা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কাছেও স্মারকলিপির অনুলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম, বাগডোহারা সততা কল্যাণ সংস্থার সভাপতি মো. আল আমিন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ওয়ার্ড সভাপতি মো. মোনেইম হোসেন, নোহালী হিজবুল ফুজুল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ময়েন মিয়া, স্কুল শিক্ষার্থী আবদুল্লাহ আল মাউন, কলেজ শিক্ষার্থী মো. মোক্তারুল ইসলাম, সমাজসেবক মুকুল মিয়া ও কৃষক শফিকুল ইসলামসহ অনেকে।

স্মারকলিপিতে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নটির প্রায় ১২ কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গঙ্গাচড়া ও কালীগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে প্রায় ২ হাজার শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধের পাশাপাশি হাটবাজার ও মুমূর্ষু রোগী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ভাঙন প্রতিরোধে পাউবোর ফেলানো জিওব্যাগ প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। দ্রুত স্থায়ী পদক্ষেপ না নিলে ওই ৩টি ওয়ার্ডের অন্তত ১০ হাজার মানুষের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের প্রধান নির্বাহী মামুনুর রশিদ জানান, "এলাকাবাসীর দাবি বিবেচনা করে জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি রোগী ও পরীক্ষার্থীদের পারাপারের জন্য একটি স্পিডবোট সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জেলা পরিষদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।"

অন্যদিকে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, "ক্ষতিগ্রস্ত আইডিভুক্ত রাস্তাগুলো মেরামতের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনাবিষ্কৃত রাস্তার উন্নয়নে স্পেশাল টিআর বরাদ্দের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন