জামালপুরে শিশু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ২০১১ সালে কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে সাত বছরের শিশু সুমন হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আলামত গোপনের দায়ে তাঁদের আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সরিষাবাড়ী উপজেলার মাগুরীয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, ২০১১ সালের ৩ সেপ্টেম্বর কাঁঠাল গাছের পাতা কুড়ানো নিয়ে আসামিদের সঙ্গে প্রতিবেশী সবুজা বেগম ও তাঁর দেবর বাবুল মিয়ার কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। ওই দিন দুপুর থেকেই বাবুল মিয়ার ৭ বছরের শিশু সন্তান সুমন নিখোঁজ হয়। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হলেও ৫ সেপ্টেম্বর সকালে চাপারকোনা বাজারের ঝিনাই নদী থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।
এআইএল/সকালবেলা
|