ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট এবং ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা, শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা. নাসিরের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বরিশালে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ আহ্বানে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে শেবাচিম হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, শিক্ষক, চিকিৎসা শিক্ষার্থী, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শত শত আন্দোলনকারী চিকিৎসকদের ওপর অন্যায় হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জ্যেষ্ঠ চিকিৎসকেরা বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়ার পরও কর্মস্থলে চিকিৎসকদের ওপর প্রতিনিয়ত এমন কাপুরুষোচিত হামলা অত্যন্ত উদ্বেগজনক। ডা. নাসিরের মতো একজন মেধাবী ও সরকারি কর্মকর্তার ওপর যারা হাত তুলেছে, তারা সমাজের শত্রু।” সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে কর্মস্থলে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান। একই সাথে ডা. নাসিরের ওপর হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে হাসপাতাল চত্বর থেকে একটি সংক্ষিপ্ত কিন্তু ক্ষুরধার প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়। আন্দোলনকারী চিকিৎসকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. নাসিরের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী কর্মবিরতিসহ আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ.আই.এল/সকালবেলা