মোঃ শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও গরু চুরিতে জড়িত ৩ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) ঘোড়াঘাট থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
গত ৩ মে নূরপুর গ্রাম থেকে গরু চুরির মামলার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান চালানো হয়। পুলিশ অপরাধকাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান এবং গরু বিক্রির নগদ ৬০,০০০ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে চুরির মূল হোতা হিসেবে মোঃ কাওসার ইসলামকে চিহ্নিত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) নিয়ামত হাসান জানান, এলাকায় অপরাধ দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে জেলা সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা