ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে বগুড়ার কাহালু উপজেলায় একটি সেমাই কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ কারখানায় যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১২-এর সমন্বয়ে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে কারখানাটিতে ভয়াবহ সব অনিয়মের চিত্র উঠে আসে। দেখা যায়, শ্রমিকরা নোংরা পা দিয়ে সেমাইয়ের ময়দার ডো মাড়াই করছে এবং অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এমনকি টয়লেটের দরজার পাশেই সেমাই প্যাকেটজাত করার ঝুড়ি স্তূপ করে রাখা হয়েছিল। এছাড়া সেমাই ভাজার কাজে বারবার ব্যবহৃত পোড়া তেল ও নিম্নমানের ডালডা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ