বৃদ্ধ ও অসুস্থরা মির্জাগঞ্জ স্টেশনে দুর্ভোগে

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
বৃদ্ধ ও অসুস্থরা মির্জাগঞ্জ স্টেশনে দুর্ভোগে

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর মির্জাগঞ্জ রেলস্টেশন কোটি টাকা ব্যয়ে আধুনিক অবকাঠামোতে নির্মিত হলেও যাত্রীসেবার চিত্র অত্যন্ত হতাশাজনক। স্টেশনটিতে বর্তমানে যাত্রীবাহী ট্রেন নির্ধারিত প্লাটফর্মে না থামায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

স্থানীয়দের অভিযোগ, স্টেশনে বর্তমানে ‘খুলনা মেইল’ ট্রেনটি যাত্রাবিরতি দিলেও সেটি নির্ধারিত প্লাটফর্মে না থেমে এমন স্থানে দাঁড়ায় যেখানে কোনো প্লাটফর্ম নেই। ফলে বিশেষ করে বয়স্ক ব্যক্তি, নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের ট্রেনের উঁচু কামরায় উঠতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় নিচু স্থান থেকে ট্রেনে উঠতে গিয়ে যাত্রীরা পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।

স্টেশনে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানান, বর্ষাকালে কাদা ও পিচ্ছিল পরিবেশের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। একজন বয়স্ক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত টাকা খরচ করে স্টেশন বানানো হলো, অথচ ট্রেন প্লাটফর্মেই থামে না। অসুস্থ মানুষদের জন্য এটি খুবই বিপজ্জনক।” স্থানীয় সচেতন মহলের মতে, অবকাঠামো উন্নয়নের সুফল যদি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে না পারে, তবে এমন উন্নয়নের সার্থকতা নিয়ে প্রশ্ন ওঠে।

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘খুলনা মেইল’ ট্রেনটিকে স্টেশনের নির্ধারিত প্লাটফর্মে থামানোর জোর দাবি জানিয়েছেন যাত্রীরা। এই দীর্ঘদিনের ভোগান্তি অবসানে রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত এবং কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

এ.আই.এল/সকালবেলা