সুন্দরবনে অভিযান চালিয়ে অবৈধ শুটকি ঘর উচ্ছেদ

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
সুন্দরবনে অভিযান চালিয়ে অবৈধ শুটকি ঘর উচ্ছেদ

মোঃ কারিমুল ইসলাম (মোংলা): সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে অভিযান চালিয়ে একটি অবৈধ শুটকির টোং ঘর উদ্ধার ও উচ্ছেদ করেছে বনরক্ষীরা।

রোববার (২ আগস্ট) সকালে রেঞ্জের হাড়বাড়িয়া অফিস এলাকার বড় পাঙ্গাসিয়া খালের পাশে অবস্থিত ছোট শিসা খালের মাথা থেকে এই টোং ঘরটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বিপন চন্দ্র দাসের নির্দেশে বনরক্ষীদের একটি বিশেষ টহল দল বনের অভ্যন্তরে নিয়মিত টহলে বের হয়। টহল দেওয়ার সময় বনরক্ষীরা ছোট শিসা খালের মাথায় বনের ভেতরে একটি সন্দেহভাজন অস্থায়ী টোং ঘর দেখতে পান। পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে অবৈধ অবকাঠামোটি ধ্বংস করা হয়। বনের ভেতরে অবৈধভাবে অবস্থান নেওয়া, হরিণ শিকার কিংবা বিষ দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে অপরাধীরা এসব টোং ঘর তৈরি করে থাকে বলে বন বিভাগ নিশ্চিত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী মোস্তাকিম বিল্লাহ জানান, বনের ভেতর গড়ে তোলা অবৈধ শুটকির টোং ঘরটি উচ্ছেদ করা হয়েছে। টহল দলের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সব ধরনের অপরাধ দমনে বন বিভাগের এই কঠোর টহল জোরদার থাকবে বলেও জানান তিনি।

এআইএল/সকালবেলা