ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি
সাঈদ পান্থ (বরিশাল): থানায় এসে এক নারী সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) অকথ্য ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার ঘটনায় ওসির স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এএসআই শাহনাজ আক্তার। বরিশালের আগৈলঝাড়া থানায় ঘটে যাওয়া এ ঘটনার জিডির কপি রবিবার (১৮ অক্টোবর) প্রকাশ্যে আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় জিডিটি দায়ের করা হয়। জিডিতে এএসআই শাহনাজ আক্তার উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে একই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খানের স্ত্রী আঞ্জুমান (৪০) থানায় প্রবেশ করে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। সে সময় ওসির স্ত্রী তাঁর নাইট ডিউটি, ওসির রুমে যাওয়া ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেন, যা অত্যন্ত অপমানজনক।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, এর আগে গত মার্চ মাসে ছুটি নেওয়াকে কেন্দ্র করে ওসির স্ত্রী থানায় কর্মরত এসআই আবদুল্লাহ আল মামুনের কাছে তাঁর চরিত্র ও পরিবার নিয়ে অনৈতিক সম্পর্কের কুৎসা রটান। এর পর থেকে তিনি মানসিকভাবে চরম বিব্রত ও মানহানির শিকার হয়ে আসছিলেন।
জিডির বিষযটি নিশ্চিত করে এসআই আবদুল্লাহ আল মামুন ও এএসআই শাহনাজ আক্তার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে অদ্ভুতভাবে জিডি দায়েরের পর পরই এএসআই শাহনাজ আক্তারকে আগৈলঝাড়া থানা থেকে বদলি করে বানারীপাড়া থানায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তথ্য প্রকাশের অভিযোগে এসআই আবদুল্লাহ আল মামুনসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে তড়িঘড়ি করে অন্যত্র বদলি করেন ওসি মাসুদ খান।
তবে অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান দাবি করেন, এটি ভুল তথ্য এবং এমন কোনো ঘটনা ঘটেনি। বরিশাল জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাঁদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তলব করা হয়েছিল।
এআইএল/সকালবেলা