স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী খুন: অভিযুক্ত গ্রেপ্তার
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর মহিপালে স্ত্রীর শ্রীলতাহানির চেষ্টার তীব্র প্রতিবাদ করায় নুর নবী হোসেন (৩০) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আলোড়ন সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত মোঃ শাহ পরান প্রকাশ ফয়সাল ওরফে সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
নিহত নুর নবী ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের আব্দুর রবের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে মহিপাল ফ্লাইওভারের নিচে ভাসমান অবস্থায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনের পর পরিবারের সাথে ঢাকায় চলে গেলেও পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে ফেনীতে ভাসমান জীবনযাপন শুরু করেন নুর নবী। পরে ফেনীর দাগনভূঞার মেয়ে বিবি ফাতেমার সাথে পরিচয়ের সূত্রে বিয়ে হয় তাঁদের। দুজনে বোতল কুড়িয়ে ও দিনমজুরি করে সংসার চালাতেন এবং রাতে মহিপাল ফ্লাইওভারের নিচে ঘুমাতেন।
গতকাল ভোর আনুমানিক সাড় ৫টার দিকে তারা ঘুমন্ত অবস্থায় থাকাকালে ফেনীর জায়লস্করের বাসিন্দা শাহ পরান কৌশলে বিবি ফাতেমার শরীরে হাত দিয়ে শ্রীলতাহানির চেষ্টা চালায়। এতে নুর নবীর ঘুম ভেঙে গেলে প্রতিবাদ জানান এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত শাহ পরান সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে নুর নবীর পেটের দুই পাশে এলোপাতাড়ি কোপ দেয়।
গুরুতর আহত অবস্থায় স্ত্রী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নুর নবী।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি অপরাধ স্বীকার করেন এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি গর্ত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পূর্বে সাতটি মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল কান্তি দাস জানান, আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
এআইএল/সকালবেলা