কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে মানববন্ধন
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার নয়াপাড়ায় মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় 'এলাকার সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে নয়াপাড়ার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাজসেবক মো. আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাছির উদ্দিন রিপন, বাংলাদেশ মানব কল্যাণ সংগঠনের সম্পাদক মো. আবু বকর রেনু, সাবেক কাউন্সিলর সাদমিন, সমাজসেবক মো. সেলিম রেজা, নাসির উদ্দিন, লোকমান মিয়া, পৌর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. রুবেল এবং সুশীল সমাজের প্রতিনিধি মো. হাবিবুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের পাশাপাশি পাইকারি বিক্রেতা ও মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে মাদক কারবারিরা যেন সহজেই জামিনে বের হয়ে আসতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার স্থানীয় মসজিদে আলোচনা এবং পাড়ায় পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ ও সাধারণ পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখ পড়ার মতো। উপস্থিত সবাই একজোট হয়ে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা
|