ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে বিরোধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে তালা ভেঙে মসজিদের পরিবেশ স্বাভাবিক করে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পেঁচিবাড়ি জামে মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিরা দেখেন মসজিদের প্রধান ফটকে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চাবি না পাওয়ায় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বাধ্য হয়ে মসজিদের সামনের খালি জায়গায় ফজরের নামাজ আদায় করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মসজিদের বর্তমান ইমাম আব্দুল হাইকে রাখা না-রাখা নিয়ে বিএনপি ও জামায়াতপন্থী সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। এক পক্ষ ইমাম পরিবর্তনের দাবি তুললেও অপর পক্ষ তার স্বপক্ষে অবস্থান নেয়। ধারণা করা হচ্ছে, এই বিরোধের চরম পর্যায়ে গভীর রাতে কেউ বা কারা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। তবে সুনির্দিষ্টভাবে কেউ দায় স্বীকার করেনি।
ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত পেঁচিবাড়ি গ্রামে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপস্থিত সবার সামনে পুলিশ তালা ভেঙে মসজিদটি পুনরায় খুলে দেয়। সিরাজগঞ্জ সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো অস্থিতিশীলতা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনায় সাধারণ মুসল্লিদের মাঝে উদ্বেগ বিরাজ করলেও পুলিশের সময়োচিত পদক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ