কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খোরশেদ আলমকে ডাকযোগে পার্সেল পাঠিয়ে কাফনের কাপড়সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটিতে নিরাপত্তা চেয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান।
চেয়ারম্যান মীর খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার ডাকযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি অজ্ঞাত পার্সেল এসে পৌঁছায়। পরবর্তীতে পার্সেলটি খোলা হলে তার ভেতর এক টুকরো সাদা কাপড়ের গায়ে স্প্রে দিয়ে 'কাফনের কাপড়' লেখা দেখতে পান তিনি। একই সাথে পার্সেলের ভেতরে থাকা একটি বেনামি চিঠিতে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজন স্থানীয় ব্যক্তির নাম উল্লেখ করা হয়।
হুমকির বিষয়ে আতঙ্ক প্রকাশ করে ইউপি চেয়ারম্যান বলেন, “আমি দীর্ঘকাল ধরে সততার সাথে রাজনীতি এবং জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার জানা মতে, এলাকায় কারো সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও হঠাৎ এমন স্পর্শকাতর ও ভীতিকর হুমকির ঘটনায় আমি এবং আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তারহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি সাথে সাথেই মাধবপুর থানা পুলিশকে অবহিত করে আইনি সুরক্ষার জন্য জিডি করেছি।”
এদিকে আজ শনিবার (১ আগস্ট) ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ আলম। সেখানে তিনি লেখেন, “যদি আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ, দ্বিমত বা দাবি থাকে, তবে আড়ালে ভয়ভীতি দেখানোর পরিবর্তে পরিচয় দিয়ে সরাসরি সামনে এসে কথা বলুন। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে, ইনশাআল্লাহ।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ইউপি চেয়ারম্যানকে হুমকি ও কাফনের কাপড় পাঠানোর অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। কে বা কারা এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ঘটিয়েছে, তা উন্মোচনে পুলিশ ইতোমধ্যে নিবিড় তদন্ত শুরু করেছে।
|