পলাশে কাঁচা মরিচ ৪০০ টাকা, সবজি ১০০
মো নুরনবী সানি, নরসিংদী পলাশ: নরসিংদীর পলাশ উপজেলায় হঠাৎ করেই পাগলা ঘোড়ার বেগে ছুটছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একই সঙ্গে ১০০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি, ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) উপজেলার ঘোড়াশাল বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই কাঁচা মরিচ ও সবজির দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। সাধ্যের বাইরে চলে যাওয়ায় অনেকেই এখন কেজির বদলে ১০০ গ্রাম বা পোয়া হিসেবে মরিচ কিনতে বাধ্য হচ্ছেন।
বাজারে আসা ক্রেতারা জানান, সাধারণ মানুষের পক্ষে এখন কাঁচা মরিচ কেনাও বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। অনেকে সংসার চালাতে হিমশিম খেয়ে রান্নায় কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ ব্যবহার করছেন।
ঘোড়াশাল বাজারের খুচরা বিক্রেতারা জানান, টানা ভারী বৃষ্টিতে অনেক ক্ষেতের মরিচ গাছ নষ্ট হওয়ায় এবং পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে। একই সঙ্গে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক নজরদারি ও মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সচেতন মহল।
এআইএল/সকালবেলা
|