ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দুলা মিয়া কারামুক্ত হওয়ার পর তাকে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। আওয়ামী লীগ নেতাকে বরণ করে নেওয়ার এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গত ৪ জানুয়ারি রাতে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকা থেকে দুলা মিয়াকে গ্রেপ্তার করেছিল পাঁচলাইশ থানা পুলিশ। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই বিপ্লবের সময় তিনি স্বৈরাচারী আওয়ামী লীগের হয়ে সাধারণ মানুষের ওপর নিপীড়নে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি এবং বিভিন্ন দলীয় সভায় দেওয়া বক্তৃতার ছবি এখন নতুন করে ছড়িয়ে পড়েছে।
বিএনপির একজন জ্যেষ্ঠ নেতার এমন আচরণে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতা-কর্মীরা। লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা রবিউল হাসান রবি হতাশা ব্যক্ত করে বলেন, “স্বৈরাচারী শাসনের সময় এই দুলা মিয়া সাধারণ মানুষকে মানুষই মনে করতেন না। আমাদের অনেক কর্মী তার হাতে নির্যাতিত হয়েছেন। আজ আমাদের নেতারাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন—এটি দেখার পর বলার মতো আর কোনো ভাষা নেই।”
আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা পরানোর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক স্ট্যাটাসে সয়লাব হয়ে গেছে। অনেকে একে ‘সুবিধাবাদী রাজনীতি’ এবং ‘বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করছেন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি এটি চরম অবমাননা বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা।
এ বিষয়ে নাজমুল মোস্তফা আমিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দল যখন আওয়ামী লীগের অপরাধের বিচার চাইছে, তখন মাঠ পর্যায়ের নেতাদের এমন সখ্য দলের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ