গাজীপুরে সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ণ
গাজীপুরে সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়নের নালিয়াটেকি থেকে ফাওগান বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ সড়কের পাকাকরণের কাজ সাড়ে চার বছরেও শেষ হয়নি। প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার পর নতুন ঠিকাদার নিয়োগ করা হলেও সাত মাস পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। ফলে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের হাজারো মানুষ।

জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঘূর্ণিঝড় আম্ফান প্রকল্পের আওতায় ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শুরু করে ইলেকট্রো গ্লোব এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি প্রায় ৩৫ শতাংশ কাজ সম্পন্ন করার পর ২০২৩ সালে কাজ ফেলে চলে যায়।

পরবর্তীতে চলতি বছরের ২০ জানুয়ারি নতুন দরপত্রের মাধ্যমে আমজাদ এন্টারপ্রাইজকে ২ কোটি ৭০ লাখ টাকায় সড়কটির সংস্কারকাজ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সাত মাস পার হয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি।

সরেজমিনে দেখা যায়, নালিয়াটেকি থেকে ফাওগান বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান খোড়াখুঁড়ি অবস্থায় পড়ে রয়েছে। আগে ফেলে রাখা ইটের সুরকি ও বালু দীর্ঘদিনে সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই সড়ক দিয়ে নালিয়াটেকি, রাজারামপুর, লক্ষ্মীপুর, ফাওগান, গজারিয়া, পাবুরিয়ারচালা ও হালুকাইদসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। ভাঙাচোরা সড়কের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

রাজারামপুর গ্রামের স্কুলশিক্ষক রুবেল হোসেন বলেন, "ভাঙা রাস্তায় যানবাহন কম চলায় শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে।" ফাওগান গ্রামের বাসিন্দা সুমন শেখ আক্ষেপ করে বলেন, "শুনেছি নতুন করে টেন্ডার হয়েছে, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। কবে হবে সেটাও জানি না।"

কাজের অগ্রগতি নিয়ে আগের ঠিকাদারি প্রতিষ্ঠান ইলেকট্রো গ্লোব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলী ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাত মাসেও কাজ শুরু না করার বিষয়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান আমজাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমজাদ হোসেন কাজল বলেন, "বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করব। প্রকল্পের মেয়াদের মধ্যেই কাজ শেষ করা হবে।"

শ্রীপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী তৌফিক আহমেদ জানান, "কাজে গাফিলতি করায় আগের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নতুন ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার জন্য নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। আশা করছি, প্রকল্পের নির্ধারিত মেয়াদের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন